খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বিআরটি বাতিল নয়, প্রকল্প বাস্তবায়নের দাবি বিশেষজ্ঞদের

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিআরটি বাতিল নয়, প্রকল্প বাস্তবায়নের দাবি বিশেষজ্ঞদের

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস লেন তুলে দিয়ে সড়কটি ছয় লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা। তাদের দাবি, প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর তা বাতিল না করে অনিয়ম ও কারিগরি ত্রুটি তদন্ত করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বিআরটি চালু করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি) এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা-গাজীপুর বিআরটি করিডরের নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটিকে তিন প্লাস তিন লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও সেবা চালু না করেই এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও পরিচালনগত সমস্যা থাকলে এর দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিতে হবে। বিআরটি ব্যবস্থা বা বাস লেনকে এর জন্য দায়ী করা যাবে না। প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সব নথিপত্র, পরামর্শক ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের তালিকা, দায়িত্ব ও ভূমিকা সংরক্ষণ করতে হবে। পাশাপাশি স্বার্থের সংঘাত নেই, এমন বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিশন গঠন করে প্রতিবেদন প্রকাশ করতে হবে।

আরিফুল ইসলাম আরও বলেন, বিআরটি চালু হলে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াতের সময় কমবে, ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং বিনিয়োগ ও নগর অর্থনীতির বিকাশ ঘটবে। এ জন্য বিমানবন্দর-গাজীপুর করিডরকে আরবান আর্টারি ঘোষণা করে বিআরটি লেন বহাল রাখার পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য স্থানেও বিআরটি চালুর উদ্যোগ নিতে হবে।

বিশিষ্ট রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স বলেন, ২ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি। প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে তা দূর করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত। দুর্নীতির সমাধান না করে প্রকল্প বাতিল করা যুক্তিযুক্ত নয়। প্রকল্পের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। একই সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, ২০১২ সালে শুরু হওয়া বিআরটি প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি। অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার বিআরটি প্রকল্প মাত্র দুই বছরে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর কেন তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সে প্রশ্ন তোলেন তিনি। দীর্ঘসূত্রতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুর রশিদ বলেন, বিআরটি প্রকল্প শুধু পরিবহন ব্যবস্থার উন্নয়ন নয়, পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। প্রকল্পে ত্রুটি থাকলে কারিগরি সংশোধনের মাধ্যমে তা সমাধান করা উচিত।

পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী ড. মাহবুবুল বারী বলেন, আর্থিক ও কারিগরি বিবেচনায় বিআরটি প্রকল্পটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময়। বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষাতেও প্রকল্পটির সম্ভাব্যতা উঠে এসেছে। এ করিডরে বিপুলসংখ্যক বাসযাত্রী চলাচল করেন। বিআরটি চালু হলে পরিবেশ ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদ সম্মেলনে বিআইপির পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সব বিকল্পের আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন, প্রকল্পের অনিয়ম তদন্তে কমিশন গঠন ও প্রতিবেদন প্রকাশ, বিমানবন্দর-গাজীপুর করিডরকে আরবান আর্টারি ঘোষণা, ঢাকা ও দেশের অন্যান্য স্থানে বিআরটি চালু এবং ঢাকা বিআরটি পিএলসিকে পুনর্গঠন করে শক্তিশালী করা। এ ছাড়া দেশের পরিবহন উন্নয়নে পরিকল্পনানির্ভর নীতি গ্রহণ এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়।

প্রশ্নোত্তর পর্বে বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মুসলেহ উদ্দিন হাসান বলেন, গাজীপুরের সংসদ সদস্যদের সঙ্গে আলাদাভাবে আলোচনা হয়েছে। তাদের সঙ্গে সমন্বিত আলোচনারও পরিকল্পনা রয়েছে। বিআরটি প্রকল্প নিয়ে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। বৃহত্তর জনস্বার্থে প্রকল্পটি বাস্তবায়ন চান তারা। এটি শুধু পরিবহন প্রকল্প নয়, বরং বৃহৎ নগর রূপান্তরের উদ্যোগ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, সাবেক প্রিন্সিপাল ও গাজীপুরের বাসিন্দা কফিল উদ্দিনসহ অন্যরা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম